নিউজ ডেস্ক:
বাংলাদেশ থেকে পাচার হওয়া কয়েক বিলিয়ন ডলার উদ্ধারে কানাডার সহযোগিতা চেয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার ঢাকায় নিযুক্ত কানাডার হাইকমিশনার অজিত সিংয়ের সঙ্গে বৈঠকে তিনি পাচার হওয়া সম্পদ শনাক্ত, ফ্রিজ এবং উদ্ধারে সহায়তা চান।
প্রধান উপদেষ্টা বলেন, শেখ হাসিনার শাসনামলে অভিজাত শ্রেণি ও ঘনিষ্ঠ রাজনীতিবিদরা কয়েক বিলিয়ন ডলার চুরি করে কানাডার টরন্টোর ‘বেগমপাড়া’ এলাকায় সম্পদ কিনেছে। জনগণের কাছ থেকে চুরি হওয়া এই অর্থ পুনরুদ্ধারে কানাডার সহায়তা দরকার বলে তিনি উল্লেখ করেন।
এ সময় কানাডার হাইকমিশনার পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনার প্রচেষ্টার প্রশংসা করেন এবং জানান, চিহ্নিত ব্যক্তিদের কাছ থেকে সম্পদ ফ্রিজ করার জন্য তাদের দেশে নির্দিষ্ট প্রক্রিয়া রয়েছে। তিনি বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ ও সংস্কার প্রচেষ্টায় কানাডা সমর্থন দিচ্ছে এবং দুই দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করতে শিগগিরই কানাডার একজন মন্ত্রী বাংলাদেশ সফর করবেন।
নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে বৈঠকের প্রসঙ্গ উল্লেখ করে প্রধান উপদেষ্টা জানান, কানাডার আরও বিনিয়োগ দরকার এবং বাংলাদেশ ব্যবসার জন্য প্রস্তুত। তিনি বলেন, বাংলাদেশে কানাডিয়ান কোম্পানিগুলোর কারখানা স্থানান্তরের সুযোগ তৈরি করতে হবে। পাশাপাশি কানাডায় বসবাসরত ও অধ্যয়নরত বাংলাদেশিদের সুবিধার্থে ঢাকায় কানাডার একটি ভিসা অফিস স্থাপনের উদ্যোগ নেওয়া উচিত। বৈঠকে এসডিজি-বিষয়ক মুখ্য সমন্বয়ক ও সিনিয়র সচিব লামিয়া মোরশেদ উপস্থিত ছিলেন।
