আন্তর্জাতিক ডেস্ক:
আফগানিস্তানের পাকতিকা প্রদেশে পাকিস্তানি সামরিক বাহিনীর বিমান হামলায় নারী ও শিশুসহ অন্তত ১৫ জন নিহত হয়েছেন। আফগান সংবাদমাধ্যম খামা প্রেস বুধবার (২৫ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, পাকতিকা প্রদেশের বারমাল জেলার লামানসহ সাতটি গ্রামে দফায় দফায় বিমান হামলা চালায় পাকিস্তান। হামলাগুলো মঙ্গলবার রাতে সংঘটিত হয়। একটি পরিবারের পাঁচ সদস্যসহ অন্তত ১৫ জন নিহত হন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
হামলার ফলে বারমাল জেলার মুর্গ বাজার এলাকার একটি গ্রাম সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। গুরুতর আহত হয়েছে বেশ কয়েকজন বেসামরিক মানুষ। এ ঘটনার কারণে ওই অঞ্চলে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে।
হামলার প্রতিক্রিয়ায় তালেবানের প্রতিরক্ষা মন্ত্রণালয় পাকিস্তানের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে। এক বিবৃতিতে মন্ত্রণালয় জানিয়েছে, তাদের ভূখণ্ড ও সার্বভৌমত্ব রক্ষা করা তাদের বৈধ অধিকার।
এছাড়া আন্তর্জাতিক অঙ্গনে এ হামলার নিন্দা জানানো হয়েছে। উদ্ধার কার্যক্রম এখনও চলমান রয়েছে, তবে ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
এই হামলা দক্ষিণ এশিয়ার অস্থির পরিস্থিতি আরও জটিল করে তুলেছে। শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টায় এ ধরনের হামলা বিরূপ প্রভাব ফেলতে পারে বলে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন।
