নিউজ ডেস্ক :
রাষ্ট্রের বিভিন্ন খাতে সংস্কার কার্যক্রম এগিয়ে নিতে গঠিত পাঁচ সংস্কার কমিশনের মেয়াদ আবারও বাড়িয়েছে সরকার। বৃহস্পতিবার (২৭ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে জানানো হয়, কমিশনগুলোর কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে মেয়াদ ৩০ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে।
নারী বিষয়ক সংস্কার কমিশন, শ্রম সংস্কার কমিশন, স্থানীয় সরকার সংস্কার কমিশন, স্বাস্থ্যখাত সংস্কার কমিশন ও গণমাধ্যম সংস্কার কমিশন—এই পাঁচটি কমিশন গত বছরের নভেম্বরে গঠিত হয়।
এর আগে, গত ১৮ ফেব্রুয়ারি মেয়াদ ৩১ মার্চ পর্যন্ত বাড়ানো হলেও নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার চার দিন আগেই আবার মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হলো। ইতোমধ্যে ২২ মার্চ গণমাধ্যম সংস্কার কমিশন তাদের প্রতিবেদন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে জমা দিয়েছে। নতুন আদেশ অনুযায়ী, মেয়াদ বৃদ্ধির সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।
