জাগ্রত পাহাড় ডেস্ক:
খাগড়াছড়ির মাটিরাঙ্গা সরকারি ডিগ্রি কলেজে নেকাব না খোলার কারণে উম্মে আন্জুমানয়ারা নামের এক শিক্ষার্থীকে পরীক্ষার হল থেকে বহিষ্কার করার ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে তোলপাড় সৃষ্টি করেছে।
শুক্রবার (১৩ ডিসেম্বর) বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব-২ পরীক্ষার সময় এ ঘটনা ঘটে। উম্মে আন্জুমানয়ারা মাটিরাঙ্গা সরকারি ডিগ্রি কলেজের ২০২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
ঘটনার পর ভুক্তভোগী শিক্ষার্থী সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রতিক্রিয়া জানিয়ে লিখেছেন, “যে দেশে মুসলিম জনসংখ্যা বেশি, সে দেশে নিকাব পুরুষের সামনে না খোলার জন্য আমাকে বলির পাঠা হতে হয়েছে।” তিনি বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।
এ ঘটনার জেরে ব্যাপক সমালোচনা শুরু হলে মাটিরাঙ্গা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ তার ভুল স্বীকার করে জনসাধারণের কাছে ক্ষমা প্রার্থনা করেন। স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের সহায়তায় মাটিরাঙা সেনা জোনে আয়োজিত এক সভায় অধ্যক্ষ ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রতিশ্রুতি দেন।
