নিউজ ডেস্ক :
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব তপন কুমার বিশ্বাসকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়, যেখানে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারার প্রদত্ত ক্ষমতাবলে তাকে জনস্বার্থে অবসর দেওয়া হলো। নিয়ম অনুযায়ী, তিনি অবসরজনিত সব সুবিধা পাবেন এবং এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
এর একদিন আগেই দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. কামরুল হাসান এবং শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানাকে বাধ্যতামূলক অবসরে পাঠায় অন্তর্বর্তী সরকার। এর মধ্যে কামরুল হাসান জেলা প্রশাসক (ডিসি) হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
এদিকে, সরকার আওয়ামী লীগের শাসনামলে তিনটি জাতীয় নির্বাচনে দায়িত্ব পালন করা জেলা প্রশাসকদের বাধ্যতামূলক অবসরে পাঠানো বা ওএসডি করার প্রক্রিয়া শুরু করেছে। যাদের চাকরির বয়স ২৫ বছরের কম, তাদের ওএসডি করা হচ্ছে; আর যাদের ২৫ বছরের বেশি, তাদের অবসরে পাঠানো হচ্ছে।
