নিউজ ডেস্ক :
পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষা ফের চালুর চিন্তাভাবনা করছে সরকার। বিষয়টি নিয়ে সব অংশীজনের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড. চৌধুরী রফিকুল আবরার।
শনিবার (১০ মে) রাজধানীর মিরপুরে প্রাথমিক শিক্ষা অধিদফতরের আয়োজনে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহের উদ্বোধন ও পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ড. রফিকুল আবরার বলেন, “শিক্ষকতা একটি মহান পেশা। এই পেশার সম্মান রক্ষা করা আমাদের দায়িত্ব। শিক্ষকদের যথাযথ মর্যাদা দিতে হবে।” অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা অধিদফতরের মহাপরিচালক আবু নূর মোহাম্মদ শামসুজ্জামান জানান, সবকিছু ঠিকঠাক থাকলে চলতি বছরেই প্রাথমিক পর্যায়ের বৃত্তি পরীক্ষা চালু করা হতে পারে।
এদিকে শিক্ষা ব্যবস্থায় সর্বত্র মুনাফার প্রবণতা দেখা যাচ্ছে বলে মন্তব্য করেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। তিনি বলেন, আদালতে মামলা থাকায় বর্তমানে সারাদেশের ৩২ হাজার প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের শূন্য পদে নিয়োগ দেওয়া যাচ্ছে না।
