বিশেষ প্রতিনিধি
ঢাকা: নৌবাহিনী ও বিমান বাহিনী সদর দপ্তরে ‘নৌবাহিনী ও বিমান বাহিনী নির্বাচনী পর্ষদ ২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
অনুষ্ঠানের শুরুতেই প্রধানমন্ত্রী মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়াকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। একই সঙ্গে তিনি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ, ২০২৪ সালের গণঅভ্যুত্থান এবং দেশের স্বাধীনতা, গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষার আন্দোলনে আত্মদানকারী সকল শহীদ ও আহতদের অবদান কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন।
সামরিক কর্মকর্তাদের পদোন্নতির ক্ষেত্রে কোনো ধরনের রাজনৈতিক মতাদর্শ বা ব্যক্তিগত পছন্দ-অপছন্দের ঊর্ধ্বে থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী। কর্মকর্তাদের পেশাগত দক্ষতা, নেতৃত্বের গুণাবলি, শৃঙ্খলা, সততা, বিশ্বস্ততা, আনুগত্য এবং নিযুক্তিগত উপযুক্ততাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার জন্য পর্ষদকে নির্দেশনা দেন তিনি।
দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি অভ্যন্তরীণ শান্তি-শৃঙ্খলা রক্ষা ও বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় বেসামরিক প্রশাসনকে সহায়তা করার জন্য বাংলাদেশ নৌ ও বিমান বাহিনীর ভূমিকাকে সাধুবাদ জানান প্রধানমন্ত্রী।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী বিমান বাহিনীর গুরুত্বপূর্ণ অপারেশনাল স্থাপনাগুলো পরিদর্শনে যান। পরিদর্শনকালে তিনি আকাশ প্রতিরক্ষা পরিচালন কেন্দ্র, এয়ার ডিফেন্স সিস্টেম ইন্টিগ্রেশন (ADSI), এয়ার কমান্ড অপারেশন সেন্টার (ACOC) এবং এ্যারোস্পেস RESEARCH অ্যান্ড ডেভেলপমেন্ট কমপ্লেক্স (ARDC)-এর সার্বিক কার্যক্রম প্রত্যক্ষ করেন।
এছাড়া বিমান বাহিনীর নিজস্ব আধুনিক প্রযুক্তিগত সক্ষমতায় তৈরি UAV (ড্রোন, কামিকাজে ড্রোন, ইন্টারসেপ্টর ড্রোন এবং ভিটোল)-সহ বিভিন্ন উন্নত উড্ডয়ন ব্যবস্থা পরিদর্শন করেন তিনি। পরিদর্শন শেষে গবেষণা, প্রযুক্তিগত উদ্ভাবন ও আত্মনির্ভরশীলতার ক্ষেত্রে বাংলাদেশ বিমান বাহিনীর অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন প্রধানমন্ত্রী।
