নিউজ ডেস্ক:
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের মাধ্যমে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে নির্বাচন কমিশন (ইসি) প্রতিশ্রুতিবদ্ধ। রোববার (৫ জানুয়ারি) রাজধানীর নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে এক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
সিইসি নাসির উদ্দিন বলেন, “দেশের ক্রান্তিলগ্নে দায়িত্ব গ্রহণ করায় মানুষের প্রত্যাশা অনেক বেশি। এতদিন মানুষ তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে। আমরা সেই অভাব ঘোচাতে চাই।” তিনি আরও বলেন, “গতানুগতিক পদ্ধতিতে চিন্তা করার সুযোগ নেই। বর্তমান সময়ের চাহিদার সাথে সামঞ্জস্য রেখে সংস্কার করা হচ্ছে। পুরনো মানসিকতা থেকে বেরিয়ে না এলে কোনো প্রক্রিয়াই সুফল বয়ে আনবে না।”
প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নিয়ে নির্বাচন কমিশনার সানাউল্লাহ বলেন, “নির্বাচন নিয়ে মানুষের মধ্যে আস্থাহীনতা তৈরি হয়েছিল। পরিবর্তিত পরিস্থিতিতে আস্থা ফিরিয়ে আনার সুযোগ এসেছে। ভুলভ্রান্তি ছাড়া একটি নির্ভুল ভোটার তালিকা তৈরি করা আমাদের জন্য বড় চ্যালেঞ্জ।”
আরেক কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেন, “বিগত সরকারের আমলে নির্বাচনকে কলুষিত করা হয়েছে। সেটি পুনরুদ্ধার করতে কমিশন কাজ করছে। এতে কোনো ধরনের অস্বচ্ছতা বরদাস্ত করা হবে না।”
নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানান, একটি নিরপেক্ষ এবং সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে কমিশন প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম হাতে নিয়েছে। জনগণের আস্থা ফিরিয়ে আনাই কমিশনের প্রধান লক্ষ্য।