নিউজ ডেস্ক:
সিকিম ও পশ্চিমবঙ্গের সীমান্তে রংপুরের কাছে তিস্তায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ার ঘটনায় চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় ২০ জন, যাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
শনিবার (৩০ নভেম্বর) দুপুরে শিলিগুড়ি থেকে যাত্রী নিয়ে গ্যাংটকের দিকে যাচ্ছিল বাসটি। রংপুরের কাছে দুর্ঘটনাস্থলে বাসটি খাদে পড়ে সরাসরি তিস্তার পাড়ে আটকে যায়। নদীতে পানির স্তর কম থাকায় বাসটি তিস্তা পাড়েই আটকে থাকলেও হতাহতের ঘটনা এড়ানো যায়নি।
খবর পেয়ে কালিম্পং ও সিকিম পুলিশের যৌথ উদ্ধার দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। আহতদের দ্রুত স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। কালিম্পংয়ের জেলাশাসক বালসুব্রহ্মণ্যম মনিয়াম জানান, প্রাথমিকভাবে ২০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে, তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা রয়েছে।
বাসটিতে পর্যটকদের থাকার সম্ভাবনা রয়েছে বলে ধারণা করা হচ্ছে। দুর্ঘটনার কারণ উদ্ঘাটনে প্রশাসন তদন্ত শুরু করেছে। এ ঘটনায় স্থানীয় প্রশাসন ও বাস মালিক সমিতি গভীর শোক প্রকাশ করেছে।
এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা এড়াতে সড়ক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
