নিবন্ধনের সময় বাড়াল ইসি, ২২ জুন পর্যন্ত আবেদন করতে পারবে রাজনৈতিক দলগুলো

নিউজ ডেস্ক :

রাজনৈতিক দল নিবন্ধনের সময়সীমা বাড়িয়েছে নির্বাচন কমিশন (ইসি)। পূর্বঘোষিত সময়সীমা আজ রবিবার (২০ এপ্রিল) শেষ হওয়ার কথা থাকলেও নতুন সিদ্ধান্ত অনুযায়ী দলগুলো এখন ২২ জুন পর্যন্ত আবেদন করতে পারবে।

ইসির এক সভায় আজ এই সিদ্ধান্ত নেওয়া হয়। জানা গেছে, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আবেদন বিবেচনায় নিয়েই সময়সীমা বৃদ্ধির এই সিদ্ধান্ত আসে। নবগঠিত এ দলটি নিবন্ধনের জন্য ৯০ দিন সময় বাড়ানোর অনুরোধ করেছিল।

আজই শেষ দিন হওয়ায় এনসিপির একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনে গিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করে। দলের মুখ্য সমন্বয়ক নাসীরউদ্দীন পাটওয়ারীর নেতৃত্বে পাঁচ সদস্যের দলটি বৈঠকে অংশ নেয়।

সেখানে নির্বাচন কমিশন গঠন আইন, রাজনৈতিক দল নিবন্ধন আইন, সময়সীমা এবং জাতীয় নির্বাচন ঘিরে নানা বিষয়ে আলোচনা হয়।

এর আগে, গত বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ইসির জ্যেষ্ঠ সচিব বরাবর দেওয়া এক লিখিত আবেদনে সময়সীমা বাড়ানোর অনুরোধ জানায় এনসিপি। দলটি দাবি করে, ২০২৩ সালের জুলাইয়ে গণ-আন্দোলনের নেতৃত্ব দেওয়া তরুণদের উদ্যোগে গঠিত তাদের সংগঠনটি নিবন্ধনের প্রক্রিয়ায় নির্ধারিত সময়ের তুলনায় বাড়তি সময় প্রয়োজন।