নিজস্ব প্রতিবেদক, বান্দরবান:
বান্দরবান পার্বত্য জেলার নাইক্ষ্যংছড়িতে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও একটি নম্বরবিহীন সিএনজিসহ সলিম উল্লাহ (৩৮) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৬০ লাখ টাকা।
পুলিশ জানায়, বুধবার (১১ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ) রাত আনুমানিক ১:৩০ ঘটিকায় নাইক্ষ্যংছড়ি থানাধীন ঘুমধুম ইউনিয়নের বড়ুয়া পাড়া চার রাস্তার মোড়ে এই অভিযান পরিচালিত হয়। ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সেখানে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায়।
অভিযানকালে সন্দেহভাজন একটি নম্বরবিহীন সিএনজি থামিয়ে তল্লাশি করা হলে, তার ভেতর থেকে বিশেষ কায়দায় লুকানো ১০০টি প্যাকেটে মোট ২০,০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সাথে মাদক পরিবহনে ব্যবহৃত সিএনজিটি জব্দ করা হয়।
গ্রেফতারকৃত সলিম উল্লাহ (৩৮) মাদক ব্যবসার সাথে জড়িত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। তার বিরুদ্ধে নাইক্ষ্যংছড়ি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানিয়েছেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে। এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষা ও মাদক নির্মূলে এই ধরনের বিশেষ অভিযান আরও জোরদার করা হবে।
