নিউজ ডেস্ক:
দেশব্যাপী ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচির মাধ্যমে প্রায় ৫০ লাখ নতুন ভোটার অন্তর্ভুক্ত হতে যাচ্ছেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।
সচিব বলেন, এবারের হালনাগাদে ৪৯ লাখ ৭০ হাজার ৩৮৮ জন নতুন ভোটার যুক্ত হচ্ছেন, যদিও নির্বাচন কমিশনের লক্ষ্য ছিল ৬১ লাখের বেশি। অন্যদিকে, মৃত ভোটার বাদ পড়েছেন ১৫ লাখ ২৩ হাজার, যা মোট ভোটারের ১.৭৭ শতাংশ।
নারী ভোটার প্রসঙ্গে তিনি জানান, এবার ১৬ লাখ নারী নতুনভাবে ভোটার হয়েছেন। যাদের তথ্য সংগ্রহ করা হয়নি, তাদেরও পর্যায়ক্রমে অন্তর্ভুক্ত করা হবে।
সচিব আরও বলেন, ভোটার নিবন্ধন চলবে আগামী ১১ এপ্রিল পর্যন্ত। আগ্রহীরা অনলাইন বা আঞ্চলিক কার্যালয়ের মাধ্যমে নিবন্ধন সম্পন্ন করতে পারবেন। তবে কোনো তথ্য-সংগ্রহকারী যদি নির্দিষ্ট এলাকায় না গিয়ে থাকেন, তাহলে বিষয়টি তদন্ত করা হবে।
এছাড়া, মিথ্যা তথ্য দিয়ে ১৭ বছর বয়সীরা ভোটার হয়েছেন কিনা, সে বিষয়ে স্পষ্ট কোনো তথ্য নেই, তবে কেউ নির্দিষ্ট অভিযোগ করলে নির্বাচন কমিশন বিষয়টি খতিয়ে দেখবে বলে জানান ইসি সচিব।
