নিউজ ডেস্ক :
জুলাই অভ্যুত্থানের নেতৃত্বদানকারী ছাত্রনেতাদের উদ্যোগে শিগগিরই আত্মপ্রকাশ করতে যাচ্ছে নতুন রাজনৈতিক ছাত্রসংগঠন। সোমবার (১৭ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন জুলাই আন্দোলনের অন্যতম নেতা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আবু বাকের মজুমদার।
সংবাদ সম্মেলনে ছাত্রনেতারা জানান, নতুন এ সংগঠন কোনো মূল দলের সঙ্গে সম্পৃক্ত থাকবে না এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অংশ নয়। বরং এটি স্বতন্ত্রভাবে প্রতিষ্ঠিত হবে, যার মূল লক্ষ্য হবে শিক্ষার্থীদের অধিকার নিশ্চিত করা এবং আদর্শিক ছাত্ররাজনীতির পরিবেশ তৈরি করা। সংগঠনের মূলমন্ত্র হবে ‘স্টুডেন্ট ফার্স্ট, বাংলাদেশ ফার্স্ট’।
আবু বাকের মজুমদার বলেন, “বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বিভিন্ন মতাদর্শের ছাত্র সংগঠনের নেতাকর্মীরা যুক্ত ছিলেন। কিন্তু আন্দোলন পরবর্তী সময়ে অনেকেই তাদের নিজ নিজ সংগঠনে ফিরে গেছেন। তবে এমন অনেক শিক্ষার্থী রয়েছেন, যারা কোনো সংগঠনের সঙ্গে যুক্ত নন। তাদের জন্যই এই নতুন সংগঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।”
নেতারা জানান, ফ্যাসিবাদী ব্যবস্থার অধীনে ছাত্র সংসদগুলো কুক্ষিগত ছিল, যা নতুন রাজনৈতিক বন্দোবস্তের মাধ্যমে বিলোপ করতে চায় এই সংগঠন। নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে গণতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণ করা হবে এবং সংগঠনের নাম ও আনুষ্ঠানিক আত্মপ্রকাশের তারিখ শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে নির্ধারণ করা হবে। এজন্য সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে জনমত জরিপ চালানো হবে।
সংগঠনটির প্রচারণা কার্যক্রম সোমবার থেকেই শুরু হয়েছে এবং এটি আগামীকালও চলবে। ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ দেশের অন্যান্য পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুল এবং মাদ্রাসায় সদস্য সংগ্রহ করা হবে। অনলাইন ও অফলাইনে প্রচারণার মাধ্যমে শিক্ষার্থীদের মতামত নেওয়া হবে এবং সেই ভিত্তিতেই সংগঠনের পরবর্তী কার্যক্রম নির্ধারিত হবে।
