নিউজ ডেস্ক:
শিক্ষাবর্ষ ২০২৪-এর এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে, যেখানে পরীক্ষার প্রথাগত পদ্ধতির পরিবর্তন এসেছে। এবারের পরীক্ষা আংশিক অনুষ্ঠিত হওয়ায় কিছু বিষয়ের পরীক্ষা বাতিল করা হয়েছে। এই বাতিল হওয়া পরীক্ষাগুলোর নম্বর এসএসসি পরীক্ষার ভিত্তিতে বিষয় ম্যাপিং করে নির্ধারণ করা হয়েছে। শিক্ষাবোর্ডগুলো ইতোমধ্যে এ পদ্ধতির মাধ্যমে ফলাফল তৈরি করেছে এবং তা আজ ১৫ অক্টোবর, মঙ্গলবার সকাল ১১টায় প্রকাশিত হবে।
পরিবর্তিত আঙ্গিকে ফলাফল ঘোষণা: অতীতের প্রচলিত প্রথা অনুযায়ী, প্রধানমন্ত্রীর কাছে ফলাফলের সারসংক্ষেপ পেশ করতেন সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যানেরা এবং প্রধানমন্ত্রী ফল প্রকাশের ঘোষণা দিতেন। তারপর শিক্ষামন্ত্রী বিস্তারিত ফলাফল তুলে ধরতেন গণমাধ্যমের সামনে। তবে এবার সেই রীতি থেকে সরে এসে সরকার আরও সরলিকৃত প্রক্রিয়ায় ফলাফল ঘোষণা করতে যাচ্ছে।
এবার কোনো আনুষ্ঠানিকতা ছাড়াই সরাসরি শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যানেরা নিজ নিজ বোর্ডের ফলাফল ঘোষণা করবেন। সরকারপ্রধান বা শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বশীল কর্মকর্তাদের কোনো আনুষ্ঠানিক উপস্থিতি ছাড়াই এই ফলাফল প্রকাশিত হবে। পরিবর্তিত এ প্রক্রিয়ার মাধ্যমে দ্রুততার সঙ্গে শিক্ষার্থীদের হাতে তাদের ফলাফল পৌঁছে দেওয়ার পদক্ষেপ নেওয়া হয়েছে।
এবারের ফলাফল প্রকাশে এই ভিন্ন পদ্ধতি একদিকে যেমন সময় বাঁচাবে, অন্যদিকে শিক্ষার্থীদের জন্য অপেক্ষার সময়ও কমাবে। আজকের দিনেই দেশের সব শিক্ষা বোর্ডের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের কাঙ্ক্ষিত ফলাফল জানতে পারবে।
