নিউজ ডেস্ক;
নড়াইলের কালিয়া উপজেলায় সেনাবাহিনীর একটি বিশেষ অভিযানে সোহান মোল্যা (২৬) নামের এক শিক্ষার্থীর ঘর থেকে একটি উন্নতমানের স্নাইপার নাইট্রো রাইফেল উদ্ধার করা হয়েছে। এই রাইফেলটি টেলিস্কোপিক সাইট ও সাইলেন্সারসহ ৪.৫ ক্যালিবারের, যা স্থানীয় বাসিন্দাদের জন্য হুমকি সৃষ্টি করছিল।সেনাবাহিনী জানায়, অভিযানে অংশগ্রহণকারী সদস্যরা ৮ জুন রাতে, রাত সাড়ে ১১ টা থেকে ভোররাত ৪টা পর্যন্ত উপজেলার পুরুলিয়া গ্রামে অভিযান পরিচালনা করেন। সোহান মোল্যা, যিনি আবুল কালাম মোল্যার ছেলে, খুলনার একটি কলেজের শিক্ষার্থী বলে জানা গেছে।সেনাবাহিনী আরও জানায়, গোয়েন্দা তৎপরতা ও পর্যবেক্ষণের ভিত্তিতে নড়াইল ও কালিয়া সেনা ক্যাম্প যৌথভাবে এই অভিযান পরিচালনা করে। অভিযানের সময় সেনা সদস্যরা আবুল কালাম মোল্যার বাড়িটি ঘিরে ফেলে এবং তল্লাশি চালিয়ে সোহান মোল্যার বিছানার নিচে গোপনে রাখা স্নাইপার রাইফেলটি উদ্ধার করে। তবে, অভিযানের খবর পেয়ে সোহান ও তার বাবা আগেই বাড়ি থেকে পালিয়ে যান।
উদ্ধারকৃত স্নাইপার নাইট্রো রাইফেলটি কালিয়া থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে এবং পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে রয়েছে এবং গোয়েন্দা সংস্থাগুলো এলাকাটিকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।সেনাবাহিনী আশাবাদ ব্যক্ত করেছে যে, এ ধরনের কার্যকর যৌথ অভিযান ভবিষ্যতে সন্ত্রাস দমন এবং অস্ত্র চক্র নির্মূলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
