নিউজ ডেস্ক:
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিবিজড়িত ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িতে বিক্ষোভকারীদের ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকালে এক্সকাভেটর দিয়ে বাড়িটির কিছু অংশ ভাঙার চেষ্টা করা হয়।
বুধবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ফেসবুকে ঘোষিত ‘বুলডোজার মিছিল‘ কর্মসূচির আওতায় বিক্ষুব্ধ ছাত্র-জনতা ধানমন্ডি ৩২ নম্বরে জড়ো হন। রাত ১০টার দিকে বাড়িটিতে আগুন দেওয়া হয় এবং রাত ১১টার পর ক্রেন এনে ভাঙার চেষ্টা করা হয়। এক্সকাভেটর ব্যবহারের ফলে বাড়ির বাইরের বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।
বিক্ষোভকারীরা দাবি করেছেন, তাদের প্রতিবাদ ফ্যাসিবাদের বিরুদ্ধে এবং এটি প্রতীকী প্রতিরোধের অংশ। আন্দোলনকারীরা জানিয়েছেন, এই কর্মসূচির মাধ্যমে তারা স্বৈরাচার ও বৈষম্যের বিরুদ্ধে তাদের অবস্থান স্পষ্ট করেছেন।
এ ঘটনায় প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি আসেনি। তবে আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তৎপর রয়েছে।
