নিউজ ডেস্ক :
ধর্ষকের শাস্তি প্রকাশ্যে নিশ্চিত করার দাবিতে রাজধানীর শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করেছে ৩০টি কলেজের শিক্ষার্থীরা। মঙ্গলবার (১১ মার্চ) সকাল সাড়ে ১১টা থেকে শুরু হওয়া এ কর্মসূচিতে দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।
বিক্ষোভে শিক্ষার্থীরা ‘উই ওয়ান্ট জাস্টিস’, ‘ধর্ষকদের ফাঁসি চাই’, ‘আমার সোনার বাংলায় ধর্ষকের ঠাঁই নাই’—এমন নানা স্লোগান দেন। তাদের মূল দাবি—ধর্ষকদের বিরুদ্ধে প্রশাসনের জিরো টলারেন্স নীতি নিশ্চিত করতে হবে এবং ধর্ষণের অভিযোগ পাওয়ার পর দ্রুত বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।
শিক্ষার্থীরা এই দাবির স্মারকলিপি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মাদ ইউনূস, আইন উপদেষ্টা ও স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে পাঠাবেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।
বিক্ষোভকারীরা অভিযোগ করেন, প্রশাসনের ব্যর্থতার কারণেই দেশে ধর্ষণের ঘটনা বেড়েছে। আন্দোলনে ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজ, নটর ডেম কলেজ, ঢাকা কলেজ, ঢাকা রেসিডেনশিয়াল মডেল কলেজ, মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজসহ ৩০টি কলেজের শিক্ষার্থীরা অংশ নেয়। তারা সারাদেশে গণআন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারিও দিয়েছেন।
