নিউজ ডেস্ক :
দেশের আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। এর ফলে আগামীকাল সোমবার (৩১ মার্চ) সারা দেশে উদ্যাপিত হবে পবিত্র ঈদুল ফিতর। রোববার (৩০ মার্চ) সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকের পর এই ঘোষণা দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
ধর্ম উপদেষ্টা জানান, দেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ স্পষ্টভাবে দেখা গেছে। তাই ইসলামিক বিধান অনুযায়ী, সোমবার ঈদুল ফিতর উদ্যাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস দেশবাসীকে শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন।
প্রতি বছর ঈদের তারিখ চাঁদ দেখার ওপর নির্ভরশীল হওয়ায় একদিন আগে নিশ্চিত হওয়া সম্ভব হয় না। সাধারণত চান্দ্র মাস ২৯ বা ৩০ দিনের হয়, তাই রমজানের শেষ দিনে চাঁদ দেখার ভিত্তিতে ঈদের দিন নির্ধারিত হয়। এবার ২৯টি রোজা পালনের পরই ঈদের চাঁদ দেখা গেছে।
এদিকে, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে আজই ঈদ উদ্যাপিত হচ্ছে। এর মধ্যে রয়েছে কাতার, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কুয়েত, তুরস্ক, ইয়েমেন, ফিলিস্তিন ও সুদান।
এক মাস সিয়াম সাধনার পর শাওয়াল মাসের প্রথম দিনে মুসলমানরা ঈদুল ফিতর উদ্যাপন করেন। সারাদেশে ঈদ উদ্যাপন উপলক্ষে ধর্মীয় আনন্দ-উৎসবের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।
