দেশের সর্বনিম্ন তাপমাত্রা দেশের দক্ষিণ-পশ্চিমের জেলায়

নিউজ ডেস্ক::

অগ্রহায়ণের শুরুতেই চুয়াডাঙ্গায় শীত জেঁকে বসেছে। সোমবার (১৮ নভেম্বর) ভোর ৬টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। পরে সকাল ৯টায় তা আরও কমে ১৪ দশমিক ২ ডিগ্রিতে নেমে আসে। এ তাপমাত্রা চলতি মৌসুমে দেশের সর্বনিম্ন। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল যথাক্রমে ৯৭ ও ৯২ শতাংশ।

গত কয়েকদিন ধরেই তাপমাত্রা নিম্নমুখী। ভোর ও সন্ধ্যায় কুয়াশার চাদরে ঢাকা পড়ছে চারপাশ। দিনের বেলা হিমেল হাওয়ার কারণে শীতের তীব্রতা বাড়ছে। কুয়াশার কারণে যানবাহনগুলোতে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে হচ্ছে।

চুয়াডাঙ্গা আঞ্চলিক আবহাওয়া পর্যবেক্ষণাগারের ইনচার্জ মো. জামিনুর রহমান জানান, “সোমবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গায় রেকর্ড হয়েছে। আগামী কয়েকদিন তাপমাত্রা ১৪ থেকে ১৬ ডিগ্রির মধ্যে ওঠানামা করবে। এ সময়ে শীতের অনুভূতিও বজায় থাকবে।”

হঠাৎ করেই তীব্র শীত অনুভূত হওয়ায় জেলার জনজীবনে প্রভাব পড়তে শুরু করেছে। অনেকেই শীতের পোশাক ব্যবহার শুরু করেছেন। তবে শীতের কারণে শিশু ও বয়স্করা বেশি সমস্যায় পড়ছেন। বিশেষ করে শিশুরা ডায়রিয়া ও নিউমোনিয়ার মতো শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছে।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালে শীতজনিত রোগীর সংখ্যা বাড়ছে। হাসপাতালের বহির্বিভাগে রোগীর দীর্ঘ লাইন দেখা গেছে। চিকিৎসকেরা সবাইকে শীত মোকাবিলায় সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।