নিউজ ডেস্ক :
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, দেশকে বদলাতে চাইলে প্রচলিত পরিচালনা পদ্ধতি বদলাতে হবে। তরুণদের ভূমিকাই হতে পারে এই পরিবর্তনের মূল চালিকা শক্তি। বৃহস্পতিবার বিকেলে থাইল্যান্ডের ব্যাংককে বিমসটেক ইয়াং জেন ফোরামে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
বক্তৃতার শুরুতে গ্রামীণ ব্যাংকের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, শুধুমাত্র মুনাফার চিন্তা করলে হবে না, সমাজ পরিবর্তনের জন্যও উদ্যোগ নিতে হবে। সম্পদের সুষম বণ্টন নিশ্চিত করার পাশাপাশি পরিবেশের সুরক্ষার দিকেও নজর দেওয়া জরুরি। বাংলাদেশ বিশাল সম্ভাবনার দেশ, তবে ব্যক্তিগত পরিসর সীমিত হলেও সেখান থেকেই পরিবর্তনের সূচনা করা সম্ভব বলে তিনি মনে করেন।
তিনি আরও বলেন, ব্যবসায় মুনাফা কাম্য, তবে লোভ সংযত না হলে তা ধ্বংসের কারণ হতে পারে। তরুণরাই আগামীর ভবিষ্যৎ, তাদের মাঝেই তিনি অনুপ্রেরণা খুঁজে পান। বক্তব্য শেষে তিনি অংশগ্রহণকারী তরুণদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
বিমসটেক সম্মেলনে অংশ নিতে বৃহস্পতিবার সকালে ড. ইউনূস থাইল্যান্ডে পৌঁছান। এই সফরের অংশ হিসেবে শুক্রবার তার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকের সম্ভাবনা রয়েছে। সম্মেলনের শেষ দিনে আগামী দুই বছরের জন্য বিমসটেকের পরবর্তী সভাপতির দায়িত্ব গ্রহণ করবেন তিনি।
