নিউজ ডেস্ক :
থাইল্যান্ডে অনুষ্ঠিত থাই ওপেন সাঁতার চ্যাম্পিয়নশিপে নজরকাড়া পারফরম্যান্স উপহার দিয়ে রৌপ্য পদক জিতেছেন বাংলাদেশের সাঁতারু সামিউল ইসলাম রাফি। রোববার ৫০ মিটার ব্যাকস্ট্রোক ইভেন্টে ২৭.১৭ সেকেন্ড সময় নিয়ে তিনি দ্বিতীয় স্থান অর্জন করেন, যা তাঁর ক্যারিয়ারের সর্বোচ্চ টাইমিং। এর আগে এই ইভেন্টে রাফির সেরা টাইমিং ছিল ২৭.২০ সেকেন্ড।
শনিবার অনুষ্ঠিত ১০০ মিটার ব্যাকস্ট্রোকে ব্রোঞ্জ জয়ের পর পরপর দুই দিনে দুইটি আন্তর্জাতিক পদক জিতলেন রাফি। ১০০ মিটার ইভেন্টেও তিনি ব্যক্তিগত সেরা টাইমিং করেছেন—৫৮.৯০ সেকেন্ড, যা তাঁর আগের রেকর্ড ৫৮.৯৫ সেকেন্ডকে ছুঁয়ে ফেলেছে।
৫০ মিটার ব্যাকস্ট্রোকে স্বর্ণপদক জেতেন থাইল্যান্ডের তোনাম, যার সময় ছিল ২৬.৫৬ সেকেন্ড। তৃতীয় হয়ে ব্রোঞ্জ জেতেন তুর্কমিনিস্তানের গুরবান, যার টাইমিং ছিল রাফির আগের রেকর্ডের সমান—২৭.২০ সেকেন্ড।
থাই ওপেনে স্বাগতিক থাইল্যান্ডসহ কয়েকটি দেশের প্রায় ৪০ জন সাঁতারু অংশ নেন। এ প্রতিযোগিতায় ধারাবাহিক সাফল্যের ফলে সামিউল ইসলাম রাফির আসন্ন এসএ গেমসে স্বর্ণ জয়ের সম্ভাবনা বাড়িয়ে দিয়েছে। জাতীয় পর্যায়েও একাধিক রেকর্ড ও স্বর্ণপদক জয় করে ইতোমধ্যেই নিজের দক্ষতার প্রমাণ রেখেছেন রাজবাড়ীর এই প্রতিভাবান সাঁতারু।
