তৃতীয় টার্মিনালের সামনে শিক্ষার্থীদের চাপা দিল প্রাইভেটকার

নিউজ ডেস্ক:

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের সামনের রাস্তায় একটি প্রাইভেটকারের ধাক্কায় তিন শিক্ষার্থী আহত হয়েছেন। রোববার (২৭ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, তৃতীয় টার্মিনালের সামনের রাস্তা দিয়ে একদল শিক্ষার্থী হেঁটে যাচ্ছিলেন। হঠাৎ পেছন থেকে আসা সাদা রঙের প্রাইভেটকারটি তাদের চাপা দিলে শিক্ষার্থীরা রাস্তায় পড়ে যান। স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত শিক্ষার্থীদের উদ্ধার করেন।

বিমানবন্দর থানার পরিদর্শক (তদন্ত) মুস্তাফিজুর রহমান জানান, এ ঘটনায় তিন শিক্ষার্থী আহত হয়েছেন। এর মধ্যে দুই জনের পা ভেঙে গেছে এবং একজন মাথায় আঘাত পেয়েছেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাইভেটকারটি জব্দ করেছে।