নিউজ ডেস্ক :
বাংলাদেশ সরকার চাইলে তিস্তা উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতা করতে প্রস্তুত চীন। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) ঢাকায় চীনা দূতাবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
তিনি জানান, তিস্তা নদীর তীরবর্তী হাজারো মানুষের কল্যাণে প্রকল্পটি দ্রুত বাস্তবায়ন করা প্রয়োজন। তবে এটি বাংলাদেশের সার্বভৌম সিদ্ধান্ত, চীন শুধু সহযোগিতা করতে পারে। ২০২১ সালে বাংলাদেশ সরকার চীনের সহায়তা চেয়ে একটি প্রস্তাব পাঠায়, যার মূল্যায়ন শেষে ২০২৩ সালে চীন একটি প্রতিবেদন দেয়। তবে কিছু অপ্রয়োজনীয় উপাদান থাকায় প্রকল্পটি সংশোধনের পরামর্শ দেওয়া হয়েছিল। এরপর থেকে বাংলাদেশ সরকারের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি বলে জানান তিনি।
এদিকে, সংবাদ সম্মেলনে চীনা রাষ্ট্রদূত আরও বলেন, রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ ও চীনের অবস্থান অভিন্ন এবং এর দ্রুত সমাধান চায় চীন। এছাড়া, বাংলাদেশিদের জন্য এক দিনের মধ্যে ভিসা প্রদান চালুর পরিকল্পনার কথাও জানান তিনি।
প্রসঙ্গত, সম্প্রতি পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেনের চীন সফরের বিষয়ে জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে চীনা দূতাবাস।