নিউজ ডেস্ক :
ইন্টারনেট ব্যবহারে সাধারণ মানুষের ব্যয় কমাতে তিনটি স্তরে মূল্য হ্রাসের ঘোষণা এসেছে। আইটিসি, আইআইজি এবং এনটিটিএন পর্যায়ে এই মূল্য হ্রাস কার্যকর হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি-বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।
সোমবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক বার্তায় তিনি বলেন, ফাইবার অ্যাট হোমের ম্যানেজমেন্ট আশ্বাস দিয়েছে, আন্তর্জাতিক ট্রান্সিট (আইটিসি) ও ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে (আইআইজি) পর্যায়ে ১০ শতাংশ এবং ন্যাশনাল ট্রান্সমিশন নেটওয়ার্ক (এনটিটিএন) পর্যায়ে ১৫ শতাংশ হারে মূল্য কমানো হবে। এর আগেই আইএসপি প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে পাঁচশো টাকায় ১০ এমবিপিএস ইন্টারনেট সংযোগ নিশ্চিত করার প্রতিশ্রুতি এসেছে।
ফয়েজ আহমদ তৈয়্যব জানান, আরও আগে বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি আইআইজি ও আইএসপি গ্রাহকদের জন্য ১০ শতাংশ এবং পাইকারি গ্রাহকদের জন্য অতিরিক্ত ১০ শতাংশসহ মোট ২০ শতাংশ মূল্য হ্রাস করেছে। সবমিলিয়ে তিন থেকে চারটি স্তরে ইন্টারনেট সেবার মূল্যে হ্রাস কার্যকর হয়েছে।
তিনি আরও বলেন, একমাত্র মোবাইল সেবাদাতা বেসরকারি তিনটি কোম্পানি এখনও ইন্টারনেটের মূল্য হ্রাসের ঘোষণা দেয়নি। অথচ সরকার ইতোমধ্যে তাদের জন্য ডিডব্লিউডিএম ও ডার্ক ফাইবার সুবিধা চালু করেছে। সেক্ষেত্রে ইন্টারনেটের দাম না কমানোর পক্ষে তাদের আর কোনো যৌক্তিকতা নেই।
সরকার মোবাইল অপারেটরদের নীতিগত সহায়তা দিয়েছে জানিয়ে তিনি বলেন, এখন সময় এসেছে মোবাইল কোম্পানিগুলোর জাতীয় উদ্যোগে যুক্ত হবার। এই মূল্য হ্রাসের ফলে চলমান মূল্যস্ফীতির চাপ কিছুটা হলেও প্রশমিত হবে বলে তিনি আশাবাদ প্রকাশ করেন।
