তারেক রহমানের জন্মদিনে কোনো আনুষ্ঠানিকতা নয়: বিএনপি

নিউজ ডেস্ক:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিনে এবার কোনো অনুষ্ঠান আয়োজন করা হবে না বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে। কোনো নেতা-কর্মী তার জন্মদিন উদযাপন করলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে বলেও সতর্ক করা হয়েছে।

সোমবার (১১ নভেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২০ নভেম্বর তারেক রহমানের ৬০তম জন্মদিন। বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের সকল ইউনিটকে জানানো হয়েছে যে, এ উপলক্ষে কোনো অনুষ্ঠান পালিত হবে না। এই নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান ২০০৭ সালে চিকিৎসার জন্য লন্ডনে যান এবং এখনো সেখানে অবস্থান করছেন। দেশীয় রাজনীতিতে শিগগিরই তার ফিরে আসার প্রত্যাশা রয়েছে দলের নেতা-কর্মীদের।