ঢাকায় গ্রেপ্তার সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক

নিউজ ডেস্ক:

সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারা) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি মুহিবুর রহমান মানিককে রাজধানীর ভাটারা এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল রাত সাড়ে নয়টায় তাকে গ্রেপ্তার করে ঢাকার ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। সুনামগঞ্জ থেকে পুলিশের একটি দল তাকে আদালতে সোপর্দ করার জন্য ঢাকার পথে রওনা দিয়েছে বলে জানিয়েছেন সুনামগঞ্জের পুলিশ সুপার আফম আনোয়ার হোসেন খান পিপিএম।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ৪ আগস্ট সুনামগঞ্জের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় ছাত্র-জনতার মিছিলে হামলার ঘটনায় দায়ের করা একটি মামলায় মুহিবুর রহমান মানিক তৃতীয় আসামী। মামলাটি ৪ সেপ্টেম্বর দ্রুত বিচার আইনে হাফিজ আহমেদ নামে একজন বাদী হয়ে দায়ের করেন। তার ভাই জহুর এই হামলায় গুলিবিদ্ধ হন। মামলায় ৯৯ জনের নামোল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২০০ জনকে আসামী করা হয়েছে।

উল্লেখ্য, মুহিবুর রহমান মানিক পাঁচবারের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।