নিউজ ডেস্ক :
স্বাধীনতা দিবসের প্রাক্কালে জাতির উদ্দেশে ভাষণে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আগামী সাধারণ নির্বাচন এ বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে অনুষ্ঠিত হবে। তিনি নিশ্চিত করেন, নির্বাচন কমিশন স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচনের আয়োজন করতে সব প্রস্তুতি নিচ্ছে।
গুজব ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে উল্লেখ করে ড. ইউনূস বলেন, একের পর এক মিথ্যা তথ্য ছড়িয়ে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে। ভুয়া ছবি, মনগড়া ফটোকার্ড তৈরি করে অন্য দেশের ঘটনা বাংলাদেশে ঘটেছে বলে উপস্থাপন করা হচ্ছে। এসব রুখতে জাতিসংঘের সহযোগিতা চাওয়া হয়েছে, এবং জাতিসংঘ মহাসচিব প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দিয়েছেন।
জাতীয় ঐকমত্য কমিশনের কার্যক্রম সম্পর্কে তিনি জানান, ছয়টি সংস্কার কমিশনের সুপারিশসহ ৩৮টি রাজনৈতিক দলের কাছে চিঠি পাঠানো হয়েছে, এবং ইতিমধ্যেই তাদের সঙ্গে বৈঠক শুরু হয়েছে। বেশিরভাগ দল সংস্কারের পক্ষে মত দিয়েছে এবং যেসব প্রস্তাবে একমত, সেগুলো চিহ্নিত করা হচ্ছে। এই ঐকমত্যকে ভিত্তি করেই ‘জুলাই সনদ’ প্রণয়ন করা হবে।
তিনি বলেন, আমাদের ঐক্য পলাতক শক্তিকে বিচলিত করে তুলেছে, তারা এই ঐক্য ভাঙতে নানা কৌশল নিচ্ছে। জনগণকে সচেতন থাকতে হবে এবং জাতীয় ঐক্যের মাধ্যমে তাদের ষড়যন্ত্র ব্যর্থ করে দিতে হবে।
