নিউজ ডেস্ক:
বাংলাদেশ পুলিশের এক ডিআইজি ও তিন পুলিশ সুপারকে আটক করেছে আইন-শৃঙ্খলা বাহিনী। শুক্রবার রাতে বিভিন্ন ইউনিট থেকে তাদের আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা কার্যালয়ে নেওয়া হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে গুম, খুন, জঙ্গি নাটক সাজানো এবং রাজনৈতিক উদ্দেশ্যে শক্তি প্রয়োগসহ একাধিক গুরুতর অভিযোগ রয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, নীলফামারীর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট পুলিশ সুপার আসাদুজ্জামানকে রংপুর মেট্রোপলিটন পুলিশ আটক করে। শনিবার দুপুরে তাকে ঢাকায় আনা হয়। একই দিন রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে সংযুক্ত থাকা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার মোল্যা নজরুল ইসলামকে আটক করা হয়। এছাড়া, রংপুর রেঞ্জে সংযুক্ত পুলিশ সুপার আব্দুল মান্নান ও আবুল হাসনাতকেও আটক করা হয়েছে।
সূত্র জানায়, মোল্যা নজরুল ইসলাম গাজীপুর মেট্রোপলিটনের সাবেক কমিশনার ও ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের দায়িত্বে ছিলেন। তার বিরুদ্ধে অতীতে খুন, গুম ও অনৈতিক শক্তি প্রয়োগের অভিযোগ উঠেছিল। পুলিশ সুপার আবুল হাসনাত ২০২৪ সালের নির্বাচন ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে কঠোর অবস্থান নিয়ে সমালোচিত হন। এসপি আব্দুল মান্নানের বিরুদ্ধে কুমিল্লা ও সিলেটে নির্বাচনী সহিংসতা দমন এবং জঙ্গি নাটক সাজানোর অভিযোগ রয়েছে।
অন্যদিকে, এসপি আসাদুজ্জামান নোয়াখালীর পুলিশ সুপার থাকাকালীন নির্বাচন পরবর্তী দমন-পীড়ন ও অনৈতিক কর্মকাণ্ডের কারণে সমালোচিত ছিলেন।
জুলাই-আগস্ট অভ্যুত্থানের পর তাদের বিরুদ্ধে মামলা হয় এবং বিভিন্ন ইউনিটে সংযুক্ত রাখা হয়। তদন্তের অংশ হিসেবে তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী।
সূত্র: কালের কন্ঠ