ডাকসু নির্বাচনে ‘আদিবাসী’ প্রচারণার প্রতিবাদে সংবাদ সম্মেলন

অনলাইন ডেস্ক;

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে ঘিরে ‘রাষ্ট্রদ্রোহী ও বিচ্ছিন্নতাবাদী আদিবাসী প্রচারণা’র বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে সার্বভৌমত্ব সচেতন ছাত্রসমাজ। রোববার (৭ সেপ্টেম্বর) বিকেল ৪টায় শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতৃবৃন্দ এ দাবি জানান।

লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সমন্বয়ক ইঞ্জিনিয়ার থোয়াই চিং মং শাক। তিনি অভিযোগ করে বলেন, বিদেশী এনজিও ও ভারতীয় স্বার্থে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘আদিবাসী বিচ্ছিন্নতাবাদ’ প্রচারণা চালানো হচ্ছে। এর মাধ্যমে পার্বত্য চট্টগ্রামকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে কথিত ‘জুম্মল্যান্ড’ গঠনের ষড়যন্ত্র চলছে।

তিনি বলেন, “যেসব প্রার্থী ডাকসু নির্বাচনে অংশ নিয়ে রাষ্ট্রবিরোধী ‘আদিবাসী’ শব্দ প্রচার করছে, তাদের প্রার্থিতা বাতিল করতে হবে। একইসাথে তাদের ছাত্রত্বও বাতিল করে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।”

থোয়াই চিং মং শাক আরও দাবি করেন, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের নীরবতা হতাশাজনক এবং এ অবস্থান দেশের সার্বভৌমত্বকে ঝুঁকির মুখে ফেলতে পারে। তার মতে, বাংলাদেশের প্রায় ৯৯ শতাংশ মানুষ বাঙালি জনগোষ্ঠীর অন্তর্ভুক্ত। এর বাইরে রয়েছে আনুমানিক ০.৫০ শতাংশ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, যারা নিজস্ব জাতিগত পরিচয় বহন করলেও সবাই সামষ্টিকভাবে বাংলাদেশী। কিন্তু বিদেশী এনজিওর প্রভাবে ‘আদিবাসী’ শব্দ ব্যবহার করে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড চালানো হচ্ছে।

তিনি অভিযোগ করেন, অতীতে আওয়ামী সরকারের আমলে ঢাবিতে ছাত্রলীগ ও বামপন্থী ছাত্র সংগঠনের মাধ্যমে ভারতীয় হেজিমনি প্রতিষ্ঠার প্রতিযোগিতা চলেছে। বর্তমানে সেই প্রভাব বিস্তারের অংশ হিসেবেই ‘আদিবাসী বিচ্ছিন্নতাবাদ’ পুনরুজ্জীবিত করার চেষ্টা চলছে বলে তিনি উল্লেখ করেন।

সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, ডাকসু নির্বাচনে অংশ নেওয়া ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কয়েকজন প্রার্থী পাহাড়ের আঞ্চলিক সন্ত্রাসী সংগঠনের সাথে যুক্ত। বিশ্ববিদ্যালয় প্রশাসনের যাচাইহীনতা ও নিষ্ক্রিয়তা দেশের সার্বভৌমত্বকে বিপন্ন করবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষকদের উদ্দেশ্যে তিনি বলেন, রাষ্ট্রদ্রোহী ও বিচ্ছিন্নতাবাদী ‘আদিবাসী’ প্রচারণায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার থোয়াই চিং মং শাক, রেজাউল করিম, পাইশিখই মারমা, সাদ্দাম হোসেন, সৌরভ প্রমুখ।