নিউজ ডেস্ক:
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হওয়ায় বাংলাদেশ আওয়ামী লীগ অভিনন্দন জানিয়েছে। বুধবার (৬ নভেম্বর) আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজে ট্রাম্পের জয়ের সংবাদ শেয়ার করে এ অভিনন্দন জানানো হয়।
আওয়ামী লীগ জানায়, “বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা ডোনাল্ড জে. ট্রাম্পকে যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। তিনি উল্লেখ করেন, এই বিশাল বিজয় তার অসাধারণ নেতৃত্বের প্রমাণ এবং আমেরিকার জনগণের তার ওপর অর্পিত বিশ্বাসের প্রতিফলন।”
পোস্টে আরও বলা হয়, “শেখ হাসিনা ডোনাল্ড ট্রাম্পের প্রথম প্রেসিডেন্সির সময় তাদের সাক্ষাতের স্মৃতিচারণ করেন এবং আশা প্রকাশ করেন যে তার দ্বিতীয় মেয়াদে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক আরও মজবুত হবে। উভয় দেশের স্বার্থে একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতিও ব্যক্ত করেন তিনি।”
এছাড়াও শেখ হাসিনা নবনির্বাচিত প্রেসিডেন্ট ও তার পরিবারের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং যুক্তরাষ্ট্রের জনগণের জন্য শান্তি, অগ্রগতি, ও সমৃদ্ধি কামনা করেন।
উল্লেখ্য, গত ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা। এরপর থেকে তার দল আওয়ামী লীগ তাদের সকল নির্দেশনা ভেরিফায়েড ফেসবুক পেজের মাধ্যমে প্রকাশ করে আসছে।
