নিউজ ডেস্ক:
টেকনাফের হ্নীলা ইউনিয়নের ফুলের ডেইল এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জাম ও ৬৯টি হাতবোমাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে। রবিবার (১৬ ফেব্রুয়ারি) ভোররাতে এ অভিযান পরিচালিত হয়।
বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে গভীর রাতে পরিত্যক্ত একটি বাড়িতে অভিযান চালানো হয়। প্রায় তিন ঘণ্টার তল্লাশিতে ৬৯টি হাতবোমা, ১.৬ কেজি সালফার, ১.৩ কেজি লালা, ৩১টি জর্দার কৌটা, ২২০ গ্রাম জিআই তার ও একটি প্লাস উদ্ধার করা হয়। অভিযানের সময় সন্দেহভাজন চারজন পালানোর চেষ্টা করলে দুইজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন চাঁদপুরের মতলব উত্তর থানার নবুরকান্দি গ্রামের মো. সম্রাট প্রধান (৩৩) ও নারায়ণগঞ্জের বন্দর থানার দক্ষিণ গারমোরা গ্রামের মো. অন্তর (৩২)। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা করে টেকনাফ থানায় সোপর্দ করা হয়েছে। অভিযুক্তদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাচ্ছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। তবে পালিয়ে যাওয়া অন্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
সূত্র: দৈনিক পূর্বকোণ
