জাগ্রত পাহাড় ডেস্ক:
কক্সবাজার: টেকনাফের হ্নীলা ইউনিয়ন এলাকার পাহাড় থেকে অপহৃত ১৯ জন বনকর্মীর মধ্যে ১৮ জনকে উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যায় তাদের উদ্ধার করা হয় বলে নিশ্চিত করেছেন র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস।
র্যাব সূত্রে জানা গেছে, গত সোমবার (৩০ ডিসেম্বর) টেকনাফ বন বিভাগের পাহাড়ে কাজ করার সময় দুর্বৃত্তরা বনকর্মীদের অপহরণ করে। এরপর র্যাব গোয়েন্দা নজরদারি চালিয়ে দ্রুত অভিযান পরিচালনা করে ১৮ জনকে উদ্ধার করতে সক্ষম হয়।
অপহরণ ও উদ্ধার অভিযানের বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী মঙ্গলবার (৩১ ডিসেম্বর) চট্টগ্রামের সাতকানিয়ায় বিজিবির একটি অনুষ্ঠানে বলেন, অপহৃতদের উদ্ধার করার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে শিগগিরই বাকি একজনকেও উদ্ধার করা সম্ভব হবে। তিনি আরও জানান, অপহরণকারীরা সশস্ত্র দুষ্কৃতকারী।
উদ্ধারকৃত বনকর্মীরা নিরাপদে আছেন বলে জানিয়েছেন র্যাব কর্মকর্তারা। তবে অপহরণের সঙ্গে কারা জড়িত এবং তাদের উদ্দেশ্য কী ছিল, তা জানতে তদন্ত চলছে। এ ঘটনায় টেকনাফ এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
