নিউজ ডেস্ক :
জুলাই আন্দোলনে নিহত ৮৩৪ জনকে ‘জুলাই শহীদ’ এবং আহতদের ‘জুলাই যোদ্ধা’ হিসেবে ঘোষণা করেছে সরকার। নিহতদের পরিবার এককালীন ৩০ লাখ ও আহতদের ৫ লাখ টাকা করে অনুদান দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
প্রেস সচিব বলেন, আহতদের পুনর্বাসনের জন্য ক্যাটাগরি নির্ধারণ করা হয়েছে। বিশেষত যারা দৃষ্টিশক্তি হারিয়েছেন বা অঙ্গহানি হয়েছে, তাদের জন্য অতিরিক্ত সহায়তার ব্যবস্থা থাকবে। তিনি আরও জানান, সরকার গেজেটভুক্ত নিহতের সংখ্যা ৮৩৪ জন নির্ধারণ করলেও জাতিসংঘের হিসাব অনুযায়ী এই সংখ্যা ১,৪০০ জন, এবং এ বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে।
এদিকে, নতুন রাজনৈতিক দলের নেতারা আজ সন্ধ্যায় প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ জানাতে যমুনায় যাবেন বলে জানান তিনি।
সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন কার্ড নীতিমালা প্রসঙ্গে উপ প্রেস সচিব আজাদ মজুমদার বলেন, এবার নীতিমালা থেকে সরকারি উন্নয়ন প্রচারের শর্ত বাদ দেওয়া হয়েছে। নতুন কমিটিতে সাংবাদিকদের প্রতিনিধি থাকবেন, তবে ফৌজদারি অপরাধে অভিযুক্ত কোনো সাংবাদিকের কার্ড বাতিল করা হবে।
