নিউজ ডেস্ক ;
জুলাই-আগস্ট গণহত্যা মামলায় অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক পুলিশের মহাপরিদর্শক আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে তদন্ত প্রতিবেদন জমা দিলো প্রসিকিউশন।
সোমবার (১২ মে) সকালে চিফ প্রসিকিউটর গোলাম আরিফ তাজুলের কাছে এই প্রতিবেদন হস্তান্তর করে তদন্ত সংস্থা। তদন্তে শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যার নির্দেশদাতা হিসেবে প্রমাণ পাওয়ার কথা উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে বিস্তারিত জানাতে পরে গণমাধ্যমে আনুষ্ঠানিক ব্রিফিংয়ের আয়োজন করা হবে বলে জানিয়েছে প্রসিকিউশন কর্তৃপক্ষ।
উল্লেখ্য, চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি মানবতাবিরোধী অপরাধ সংক্রান্ত এ মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত শেষ করে ২০ এপ্রিলের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল ট্রাইব্যুনাল। বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন।
এই প্রথমবারের মতো জুলাই গণহত্যা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে এমন একটি প্রতিবেদন ট্রাইব্যুনালে দাখিল হলো, যা বিচার প্রক্রিয়ার দিক থেকে এক নতুন অধ্যায়ের সূচনা বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।
