নিউজ ডেস্ক :
বাংলাদেশের জুলাই গণ-অভ্যুত্থানে অংশ নেওয়া সাহসী নারী শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্রের ‘মেডেলিন অলব্রাইট অনারারি গ্রুপ অ্যাওয়ার্ড’ দেওয়া হচ্ছে। আন্তর্জাতিক নারী সাহসিকা পুরস্কারের (IWOC) অংশ হিসেবে এই সম্মাননা ঘোষণা করেছে দেশটির পররাষ্ট্র দপ্তর। আগামী ১ এপ্রিল ওয়াশিংটনে এক অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন।
মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, ২০২৪ সালের জুলাই-আগস্টে দমন-পীড়নের বিরুদ্ধে লড়াই করে যাওয়া নারী শিক্ষার্থীদের সম্মান জানাতেই এই পদক্ষেপ। তারা ভয়ভীতিকে উপেক্ষা করে আন্দোলন চালিয়ে গেছেন, গ্রেপ্তার এড়াতে কৌশল অবলম্বন করেছেন এবং ইন্টারনেট বিচ্ছিন্ন থাকলেও বিক্ষোভ অব্যাহত রেখেছেন।
নারী শিক্ষার্থীদের এই অর্জনে অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তবে এই পুরস্কার গ্রহণ না করার ঘোষণা দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম মুখপাত্র উমামা ফাতেমা।
এক ফেসবুক পোস্টে উমামা জানিয়েছেন, ফিলিস্তিনের স্বাধীনতা সংগ্রামের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি ব্যক্তিগতভাবে এই স্বীকৃতি প্রত্যাখ্যান করেছেন। তার ভাষায়, ২০২৩ সালে ইসরায়েলের হামলার বৈধতা প্রতিষ্ঠার জন্য এই পুরস্কার ব্যবহৃত হয়েছিল, যা এর নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলে।
