নিউজ ডেস্ক :
সৌদি আরবে জুলাই আন্দোলনের সময় গ্রেফতার হওয়া বাংলাদেশি ১০ প্রবাসী আট মাস কারাভোগ শেষে দেশে ফিরেছেন। বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে সৌদি এয়ারলাইনসের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তারা।
গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর সৌদি আরবে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা আনন্দ উদ্যাপন ও প্রীতিভোজের আয়োজন করলে ১২ জনকে আটক করে সৌদি কর্তৃপক্ষ। পরে নানা জটিলতা ও দীর্ঘ বিচারপ্রক্রিয়ার কারণে তাদের মধ্যে ১০ জনকে প্রায় আট মাস কারাবাস করতে হয়।
ফেরত আসা প্রবাসীরা জানান, তাদের মুক্তির পেছনে অন্তর্বর্তী সরকারের কার্যকর উদ্যোগ ও সংশ্লিষ্টদের সহযোগিতা বড় ভূমিকা রেখেছে। তবে দীর্ঘসময় অনিশ্চয়তায় থাকার অভিজ্ঞতা তাদের মানসিকভাবে বিপর্যস্ত করেছে। তারা অভিযোগ করেন, আটক হওয়ার পর সৌদি আরবের বাংলাদেশ দূতাবাস থেকে তেমন কোনও সাহায্য পাওয়া যায়নি, বরং যোগাযোগের ঘাটতিই তাদের দুর্ভোগ আরও বাড়িয়ে তোলে।
পাসপোর্টের মেয়াদ শেষ এবং প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় বাকি দুইজন এখনও সৌদি আরবেই অবস্থান করছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, প্রক্রিয়া সম্পন্ন হলেই তাদেরও দেশে ফিরিয়ে আনা হবে।
