জুলাই-আগস্টের গণহত্যার অভিযোগে ৮৪৮ নিহতের তালিকা ট্রাইব্যুনালে জমা দিল বিএনপি

নিউজ ডেস্ক:

জুলাই-আগস্টে সংঘটিত গণহত্যায় নিহত বিএনপির ৮৪৮ নেতাকর্মী ও সমর্থকের তালিকা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জমা দিয়েছে দলটি। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকালে বিএনপির মামলা ও তথ্য সংরক্ষণ সেলের সমন্বয়ক সালাহউদ্দিন খানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ট্রাইব্যুনালের প্রসিকিউশন শাখায় তালিকাটি দাখিল করে।

এসময় শেখ হাসিনাসহ পাঁচ শতাধিক ব্যক্তিকে গণহত্যার জন্য দায়ী করে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করা হয়। দলটির পক্ষ থেকে হত্যাকাণ্ডের প্রমাণ হিসেবে ঘটনাস্থলের সময়কার অডিও-ভিডিও উপস্থাপন করা হয় এবং বিভিন্ন থানায় দায়ের হওয়া ৮৪টি মামলার এজাহারের কপিও জমা দেওয়া হয়।

বিএনপির তথ্য সংরক্ষণ সেলের প্রধান জানান, নিহতদের মধ্যে ৫২৪ জন দলের নেতাকর্মী ও অঙ্গসংগঠনের সদস্য, বাকিরা বিএনপির সমর্থক ছিলেন।