নিউজ ডেস্ক:
চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা আগামী জুনের শেষ সপ্তাহে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। এ লক্ষ্যে পরীক্ষার রুটিন প্রণয়নের কাজ চলছে।
মঙ্গলবার (৭ জানুয়ারি) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. আবুল বাশার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সম্ভাব্য সূচি (রুটিন) তৈরির কাজ শেষ পর্যায়ে। চলতি মাসের তৃতীয় সপ্তাহে এটি অনুমোদনের জন্য মন্ত্রণালয়ে পাঠানো হবে।
ঢাকা শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, আগামী ২ মার্চ থেকে এইচএসসি ও সমমান পরীক্ষার ফরম পূরণ কার্যক্রম শুরু হবে। এর আগে ২৭ ফেব্রুয়ারির মধ্যে কলেজগুলোকে নির্বাচনী পরীক্ষার ফল প্রকাশ করতে হবে।
২০২৪ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা গত ৩০ জুন শুরু হলেও রাজনৈতিক অস্থিরতার কারণে তা মাঝপথে স্থগিত করা হয়েছিল। ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর ১১ সেপ্টেম্বর থেকে পরীক্ষার অবশিষ্ট অংশ নেওয়ার সিদ্ধান্ত হয়। তবে শিক্ষার্থীদের দাবির মুখে এসএসসি ও সমমান পরীক্ষার নম্বরের ভিত্তিতে সাবজেক্ট ম্যাপিং করে গত ১৫ অক্টোবর ফল প্রকাশ করা হয়।
