জার্মানিতে বাড়ছে দক্ষ কর্মী ও শিক্ষার্থীদের ভিসার সুযোগ

জাগ্রত পাহাড় ডেস্ক:

ইউরোপের বৃহত্তম অর্থনীতির দেশ জার্মানি ক্রমবর্ধমান কর্মী সংকটে জর্জরিত। এই সংকট কাটাতে দেশটি আগ্রাসী পদক্ষেপ গ্রহণ করেছে, যা লাখ লাখ অভিবাসনপ্রত্যাশীর জন্য নতুন সুযোগ তৈরি করেছে।

জার্মান সংবাদমাধ্যম ডয়েচে ভেলের এক প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছর শেষ হওয়ার আগেই দেশটি ২ লাখ দক্ষ কর্মী ভিসা প্রদান করবে। জার্মান স্বরাষ্ট্রমন্ত্রী ন্যান্সি ফেজার জানিয়েছেন, দক্ষ তরুণরা আরও সহজে জার্মানিতে প্রশিক্ষণ ও পড়াশোনা শেষ করতে পারবেন। পাশাপাশি অভিজ্ঞ কর্মীরা সহজেই কাজ খুঁজে নিতে পারবেন।

২০২৩ সালে জার্মানি ১ লক্ষ ৭৭ হাজার পেশাদার ভিসা ইস্যু করেছিল, যা চলতি বছরে ১০ শতাংশ বাড়ানো হয়েছে। বর্তমানে দেশটিতে ১৩ লাখ ৪০ হাজার চাকরির পদ খালি রয়েছে। অর্থনীতিবিদদের মতে, এই ঘাটতি পূরণ করতে পারলে জার্মানির অর্থনৈতিক প্রবৃদ্ধি আরও ত্বরান্বিত হতো। গত পাঁচ বছরে দেশটিতে সৃষ্টি হওয়া ১৬ লাখ চাকরির মধ্যে ৮৯ শতাংশই বিদেশিরা পূরণ করেছেন।

কর্মী সংকট মোকাবিলায় জার্মানি ‘অপরচুনিটি কার্ড’ চালু করেছে। এর মাধ্যমে পয়েন্ট সিস্টেমের ভিত্তিতে এক বছরের ভিসা প্রদান করা হবে। ভাষার দক্ষতা, পেশাগত অভিজ্ঞতা এবং বয়সের ভিত্তিতে অভিবাসনপ্রত্যাশীরা এই সুযোগ পাবেন। ইউরোপীয় ইউনিয়নের বাইরের দেশগুলোর মানুষও সরাসরি জার্মানিতে এসে যোগ্যতার ভিত্তিতে কাজের সুযোগ নিতে পারবেন।

শুধু কর্মী ভিসাই নয়, জার্মানি শিক্ষার্থী ভিসার সংখ্যাও বাড়ানোর উদ্যোগ নিয়েছে। আগামী ২০২৫ সালের মধ্যে শিক্ষার্থী ভিসার সংখ্যা ২০ শতাংশ এবং পরবর্তীতে তা ৫০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি করার পরিকল্পনা করেছে।

বিশ্বের অন্যান্য দেশে অভিবাসন প্রক্রিয়া কঠোর করা হলেও, জার্মানির এই উদ্যোগ কর্মী সংকট সমাধানের পাশাপাশি অভিবাসনপ্রত্যাশীদের জন্য একটি নতুন দিগন্ত উন্মোচন করছে।