নিউজ ডেস্ক :
গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে জাতীয় সনদ অপরিহার্য বলে মন্তব্য করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ড. আলী রিয়াজ। তার মতে, এই সনদের মাধ্যমে রাষ্ট্রের জবাবদিহিমূলক কাঠামো, ধর্ম-বর্ণ-আদর্শের সমতা এবং রাজনৈতিক অংশগ্রহণ নিশ্চিত করা সম্ভব।
শনিবার (১০ মে) সকালে জাতীয় সংসদে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে পার্বত্য চট্টগ্রামভিত্তিক আঞ্চলিক রাজনৈতিক দল ইউপিডিএফের সঙ্গে আয়োজিত বৈঠকে এসব কথা বলেন তিনি।
বৈঠকের শুরুতেই ড. আলী রিয়াজ বলেন, “গণতন্ত্রকে কার্যকর করতে হলে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। জাতীয় সনদ তৈরিতে রাজনৈতিক দল এবং সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য।”
সংলাপে ইউপিডিএফের সংগঠক মাইকেল চাকমা বলেন, “আমরা সবসময় ফ্যাসিবাদবিরোধী অবস্থানে থেকেছি। কিন্তু পার্বত্য চট্টগ্রামের বর্তমান বাস্তবতায় সরকারের কার্যক্রমে হতাশা বিরাজ করছে।”
তিনি আরও বলেন, ইউপিডিএফ আশা করে, ন্যায্যতা, স্বশাসন এবং সংবিধানগত স্বীকৃতি নিশ্চিত করে সরকার পার্বত্য অঞ্চলের স্থিতিশীলতা ফিরিয়ে আনবে।
