নিউজ ডেস্ক :
আসন্ন চৈত্র সংক্রান্তি উপলক্ষে আগামী ১৩ এপ্রিল পার্বত্য তিন জেলা—রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। বৃহস্পতিবার (২৭ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়। দেশের অন্যান্য জেলায় চৈত্র সংক্রান্তি সংশ্লিষ্ট জনগোষ্ঠীর জন্য ঐচ্ছিক ছুটি নির্ধারণ করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ছুটির দিন পার্বত্য তিন জেলার সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস বন্ধ থাকবে। তবে বিদ্যুৎ, পানি, গ্যাস, ফায়ার সার্ভিস, বন্দর, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিযোগাযোগ, ডাক ও ইন্টারনেট সেবা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কর্মীরা ছুটির আওতার বাইরে থাকবেন।
এ ছাড়া হাসপাতাল ও জরুরি চিকিৎসা সেবা, ওষুধ পরিবহন এবং সংশ্লিষ্ট কর্মীদের জন্য এ ছুটি প্রযোজ্য হবে না। ব্যাংকিং কার্যক্রম চালু রাখার বিষয়ে বাংলাদেশ ব্যাংক এবং আদালতের কার্যক্রম পরিচালনার বিষয়ে সুপ্রিম কোর্ট নিজস্ব নির্দেশনা দেবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
