আন্তর্জাতিক ডেস্ক:
চীনের হুনান প্রদেশে বিশ্বের সবচেয়ে বড় স্বর্ণের খনির সন্ধান পাওয়া গেছে। গবেষকদের প্রাথমিক ধারণা, খনিটিতে এক হাজার টনের বেশি স্বর্ণ মজুদ রয়েছে। প্রদেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় পিংজিয়াং কাউন্টিতে অবস্থিত এই খনির স্বর্ণ মজুদের আনুমানিক বাজারমূল্য ৬০০ বিলিয়ন ইউয়ান।
হুনানের জিওলজিক্যাল ব্যুরো জানিয়েছে, সম্প্রতি আবিষ্কৃত এই খনিটি এর আগে দক্ষিণ আফ্রিকার সাউথ ডিপ খনির পরিমাণকেও ছাড়িয়ে যেতে পারে, যেখানে সর্বোচ্চ ৯৩০ টন স্বর্ণ পাওয়া গিয়েছিল।
চীনের জিওলজিক্যাল ব্যুরোর বিশেষজ্ঞ চেন রুলিন বলেন, “খননের সময় অনেক জায়গায় স্বর্ণের উপস্থিতি সরাসরি দেখা গেছে।” বিশেষজ্ঞরা জানান, প্রায় দুই হাজার মিটার গভীরে ৪০টি স্বর্ণ আকরিক স্তরের সন্ধান পাওয়া গেছে, যা থেকে প্রায় ৩০ টন স্বর্ণ মজুত রয়েছে। আরও গভীরে, প্রায় তিন হাজার মিটারে, বিপুল পরিমাণ স্বর্ণের মজুদ থাকার সম্ভাবনা ত্রিমাত্রিক প্রযুক্তির সাহায্যে নিশ্চিত করা হয়েছে।
এই আবিষ্কার চীনের স্বর্ণ খাতে বড় ধরনের ইতিবাচক প্রভাব ফেলবে। দেশটির খনিশিল্প ও অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধিতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
