নিউজ ডেস্ক :
চিকিৎসকদের সংগঠন ডক্টর’স মুভমেন্ট ফর জাস্টিস-এর ডাকে আজ সোমবার (২৪ ফেব্রুয়ারি) দেশের সব মেডিকেল কলেজে একাডেমিক শাটডাউন চলছে। সংগঠনের সভাপতি ডা. জাবির হোসেন জানিয়েছেন, চিকিৎসক সুরক্ষা আইন পাসসহ পাঁচ দফা দাবির বাস্তবায়নে এই কর্মসূচি পালন করা হচ্ছে।
এর আগে, রোববার রাতে সংগঠনটি এক বিবৃতিতে জানায়, শাটডাউনের পাশাপাশি মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) হাইকোর্ট অভিমুখে লংমার্চ কর্মসূচি পালন করা হবে।
চিকিৎসকদের পাঁচ দফা দাবি:
১. ডাক্তার পদবি সংক্রান্ত রিট প্রত্যাহার এবং মেডিকেল অ্যাসিস্ট্যান্টদের বিএমডিসি রেজিস্ট্রেশন বন্ধ করা।
২. উন্নত দেশের নিয়ম অনুযায়ী ওটিসি ওষুধের তালিকা হালনাগাদ করা এবং রেজিস্ট্রার্ড চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া ফার্মেসিতে ওষুধ বিক্রি দণ্ডনীয় অপরাধ হিসেবে ঘোষণা করা।
৩. স্বাস্থ্যখাতে সংকট নিরসনে দ্রুত ১০ হাজার চিকিৎসক নিয়োগ এবং আলাদা স্বাস্থ্য কমিশন গঠন করা। এছাড়া, প্রতিবছর চার থেকে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগের মাধ্যমে ভারসাম্য বজায় রাখা এবং চিকিৎসকদের বিসিএসের বয়সসীমা ৩৪ বছরে উন্নীত করা।
৪. মানহীন মেডিকেল কলেজ ও বেকার তৈরি করা ম্যাটস প্রতিষ্ঠান বন্ধ করা। এছাড়া, চলমান ম্যাটস শিক্ষার্থী ও ডিএমএফ পাস করা ব্যক্তিদের প্যারামেডিকস হিসেবে পদায়নের ব্যবস্থা করা।
৫. চিকিৎসকদের কর্মস্থলে নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত চিকিৎসক সুরক্ষা আইন পাস ও বাস্তবায়ন করা।
এর আগে, গত বছরের সেপ্টেম্বরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের ওপর সন্ত্রাসী হামলার পর দ্রুত চিকিৎসক সুরক্ষা আইন বাস্তবায়নের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু সাত মাস পেরিয়ে গেলেও সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন হয়নি বলে অভিযোগ করেছেন আন্দোলনকারীরা।
আজকের একাডেমিক শাটডাউনের ফলে দেশের বিভিন্ন মেডিকেল কলেজের পাঠদান কার্যক্রম বন্ধ রয়েছে। কেন্দ্রীয় শহীদ মিনারসহ বিভিন্ন জায়গায় সাধারণ মেডিকেল শিক্ষার্থীদের ব্যানারে বিক্ষোভ চলছে। আন্দোলনকারীরা জানিয়েছেন, তাদের দাবি না মানা হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।
