নিউজ ডেস্ক:
ঢাকা, ১৮ নভেম্বর: সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। সোমবার রাতে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং সংবিধিবদ্ধ সংস্থাসমূহে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর নির্ধারণ করা হয়েছে। এই সিদ্ধান্ত কার্যকরের জন্য রাষ্ট্রপতি সংবিধানের ৯৩(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে একটি অধ্যাদেশ জারি করেছেন।
এ অধ্যাদেশ অনুযায়ী, বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) সকল ক্যাডারের চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা হবে ৩২ বছর। এছাড়া সিভিল সার্ভিসের আওতার বাইরে থাকা সরকারি চাকরির ক্ষেত্রেও একই বয়সসীমা প্রযোজ্য হবে। স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সংস্থা এবং পাবলিক নন-ফাইন্যানসিয়াল করপোরেশনের চাকরির ক্ষেত্রে আগে যেখানে ৩০ বছর বা অনূর্ধ্ব ৩২ বছর উল্লেখ ছিল, তা পরিবর্তন করে সর্বত্র ৩২ বছর নির্ধারণ করা হয়েছে।
তবে প্রতিরক্ষা বিভাগ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়োগে বিদ্যমান বিধিমালাগুলো বহাল থাকবে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, এই অধ্যাদেশ কার্যকরের ক্ষেত্রে কোনো অস্পষ্টতা দেখা দিলে, সরকার প্রজ্ঞাপন দ্বারা তা সমাধান করতে পারবে। নতুন এই নিয়ম অবিলম্বে কার্যকর হবে এবং অন্যান্য বিদ্যমান আইন, বিধি বা আদেশের ওপর প্রাধান্য পাবে।
সরকারের এ সিদ্ধান্তকে চাকরি প্রার্থীদের মধ্যে স্বস্তি হিসেবে দেখা হচ্ছে।
