বান্দরবান প্রতিনিধি
মোবাইল ফোনে চাঁদা দাবি এবং নিরাপত্তা শঙ্কার মুখে বান্দরবান জেলা সদর থেকে থানচি উপজেলা রুটে অনির্দিষ্টকালের জন্য যাত্রীবাহী বাস চলাচল বন্ধ হয়ে গেছে। এর ফলে পাহাড়ের এই দুর্গম রুটে যাতায়াতকারী সাধারণ যাত্রী, ব্যবসায়ী, জরুরি চিকিৎসার রোগী এবং সাপ্তাহিক ছুটিতে আসা পর্যটকেরা চরম ভোগান্তি ও দুর্ভোগের শিকার হচ্ছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (৮ অক্টোবর) রুটে সীমিত পরিসরে বাস চলাচল করলেও পরদিন শুক্রবার (৯ অক্টোবর) সকাল থেকে বান্দরবান ও থানচি—উভয় প্রান্ত থেকেই কোনো যাত্রীবাহী বাস ছেড়ে যায়নি। জরুরি প্রয়োজনে জেলা সদরে আসার তাগিদ থাকলেও পরিবহন না পাওয়ায় স্থবির হয়ে পড়েছে পাহাড়ি এই উপজেলার স্বাভাবিক যোগাযোগ ব্যবস্থা।
ঘটনার বিবরণ দিয়ে বান্দরবান-থানচি সড়কের লাইনম্যান মংসিংনু মারমা জানান, বৃহস্পতিবার সকালে বান্দরবান থেকে থানচিগামী একটি যাত্রীবাহী বাসের চালকের মুঠোফোনে চাঁদা দাবি করে একদল চাঁদাবাজ চক্র। এ ঘটনার পর চালকদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং তারা বাস চালাতে অস্বীকৃতি জানান। পরিবহন মালিকদের সাথে সমন্বয় না হওয়া পর্যন্ত বাস চলাচল স্বাভাবিক হওয়া কঠিন বলে তিনি মন্তব্য করেন।
পরিবহন শ্রমিকদের নিরাপত্তার বিষয়টি তুলে ধরে বাসচালক আবদুল সালাম বলেন, “পাহাড়ি আঁকাবাঁকা রোয়াংছড়ি, রুমা ও থানচি সড়কে এ ধরনের চাঁদাবাজির ঘটনা প্রায়ই ঘটে। মালিকপক্ষ গাড়ি চালাতে বললেও নিজেদের নিরাপত্তার স্বার্থে পরিস্থিতির স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত আমরা গাড়ি না চালানোর সিদ্ধান্ত নিয়েছি।”
এ বিষয়ে বান্দরবান, থানচি, রোয়াংছড়ি ও রুমা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক নুরুল আলম জানান, চাঁদা দাবি করা চক্রটির সাথে কোনো সমঝোতা বা সমন্বয় হয়নি। সমিতির সভাপতি অসুস্থতার কারণে চট্টগ্রামে চিকিৎসাধীন থাকায় তিনি ফিরে এলে প্রশাসনের সাথে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
সমিতির সভাপতি আবদুল শুক্কুর মুঠোফোনে বলেন, “বৃহস্পতিবার একটি সমন্বয়ের ভিত্তিতে শুক্রবার থেকে বাস চালু হবে বলে আমরা ভেবেছিলাম। কিন্তু দাবিকৃত চাঁদা পরিশোধ করতে না পারায় চালকেরা বাস চালানো বন্ধ রেখেছেন। আমি সুস্থ হয়ে ফিরলেই এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের আইনগত সহায়তা নেওয়া হবে।”
হঠাৎ বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় থানচি রুটের যাতায়াত ব্যবস্থা পুরোপুরি অচল হয়ে পড়েছে। দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপ এবং বাস চলাচল স্বাভাবিক করার জোরালো দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও ক্ষুব্ধ যাত্রীরা।
