নিউজ ডেস্ক:
চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার হাজারী গলি এলাকায় ধর্মীয় সংগঠন নিয়ে ফেসবুকে একটি পোস্ট শেয়ার করার ঘটনাকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষে সাত পুলিশ সদস্য আহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত এ সংঘর্ষ চলে। আহতদের মধ্যে একজন সামান্য অ্যাসিডদগ্ধ হয়েছেন এবং বাকিদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে।
চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) কাজী তারেক আজিজ জানান, হাজারী গলি এলাকার দোকানদার মো. ওসমান কয়েক দিন আগে তাঁর ফেসবুকে হিন্দুদের ধর্মীয় সংগঠন ইসকন নিয়ে একটি পোস্ট শেয়ার করেন। এতে ক্ষুব্ধ হয়ে হিন্দু সম্প্রদায়ের কিছু ব্যক্তি মঙ্গলবার সন্ধ্যায় ওসমানের দোকানে হামলা চালায় এবং বিক্ষোভ করতে থাকে। খবর পেয়ে যৌথ বাহিনীর সদস্যরা ওসমানকে উদ্ধার করতে সেখানে যান। এ সময় বিক্ষুব্ধ লোকজন ওসমানকে তাদের হাতে তুলে দেওয়ার দাবি জানায় এবং ইটপাটকেল ছুঁড়তে থাকে। পরে ওসমানকে পুলিশ হেফাজতে নিয়ে যাওয়া হয়।
ওসমানকে নিয়ে যাওয়ার সময় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে এবং বিক্ষুব্ধ জনতা যৌথ বাহিনীর ওপর ইটপাটকেল এবং অ্যাসিড ছুঁড়ে আক্রমণ চালায়। এতে সহকারী কমিশনার (কোতোয়ালি অঞ্চল) মাহফুজুর রহমানসহ সাতজন পুলিশ সদস্য আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথ বাহিনী কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের আটকে হাজারী গলি এলাকায় অভিযান চালানো হচ্ছে।
সুত্র:প্রথম আলো
