ঘুষ মামলায় তারেক রহমানসহ আট আসামি খালাস,দেশে ফিরে রাজনীতি করতে বাধা নেই

নিউজ ডেস্ক :

হত্যা মামলা থেকে দায়মুক্তির উদ্দেশ্যে ঘুষ লেনদেনের অভিযোগে করা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ আটজনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। বৃহস্পতিবার ঢাকার ৩ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মুহা. আবু তাহের এ রায় ঘোষণা করেন।

এক-এগারোর সময় দুদকের দায়ের করা মামলায় অভিযোগ উঠেছিল, একটি শিল্পগোষ্ঠীর পরিচালক ইঞ্জিনিয়ার হুমায়ুন কবির সাব্বির হত্যা মামলার আসামি সাফিয়াত সোবহান সানভীরকে দায়মুক্তি দিতে ২১ কোটি টাকা ঘুষ নেওয়া হয়েছিল। ২০০৮ সালের ১৪ জুলাই তারেক রহমান ও লুৎফুজ্জামান বাবরসহ আটজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।

দুদক অভিযোগ প্রমাণে ব্যর্থ হয়েছে দাবি করে আসামিপক্ষের আইনজীবীরা জানান, মিথ্যা মামলায় হয়রানির অভিযোগে দুদকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা ভাবা হচ্ছে। রায়ের ফলে তারেক রহমানের দেশে ফিরে রাজনীতি করতে আর কোনো আইনি বাধা রইল না বলে জানিয়েছেন তার আইনজীবীরা। বিচারিক আদালতে তার বিরুদ্ধে আর কোনো মামলা নেই বলেও জানান তারা।