নিউজ ডেস্ক :
ঢাকায় সফররত চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) প্রতিনিধি দলের সাথে বৈঠক করেছে বিএনপি। শনিবার (২৬ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টায় রাজধানীর গুলশানের একটি হোটেলে শুরু হওয়া এই বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে সাত সদস্যের একটি প্রতিনিধি দল অংশ নেয়। অন্যদিকে, দক্ষিণ-পূর্ব ও দক্ষিণ এশিয়া বিষয়ক ব্যুরোর ডেপুটি ডিরেক্টর জেনারেল পেং জিউবিনের নেতৃত্বে সিপিসির আট সদস্যের প্রতিনিধি দল উপস্থিত ছিলেন।
এর আগে শুক্রবার সিপিসির প্রতিনিধি দলটি বাংলাদেশ সফরে আসে। সফরের দ্বিতীয় দিনে তারা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে দফায় দফায় বৈঠক করে।
বিএনপির প্রতিনিধি দলে মির্জা ফখরুলের সঙ্গে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিউল্লাহ, আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজরি কমিটির সদস্য হুমায়ুন কবির, মিডিয়া সেলের সদস্য মাহমুদা হাবিবা এবং বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব ও সাবেক সরকারি সচিব এ বি এম আব্দুস সাত্তার।
চীনের পক্ষে বৈঠকে উপস্থিত ছিলেন দক্ষিণ-পূর্ব ও দক্ষিণ এশিয়া বিষয়ক ব্যুরোর কর্মকর্তা চেন জুয়ানবো, আইডিসিপিসির (IDCPC) তৃতীয় সচিব চেন ইয়াংপেই, দক্ষিণ-পূর্ব ও দক্ষিণ এশীয় অ্যাফেয়ার্স ব্যুরোর কর্মকর্তা ঝাং গুইউ, ঢাকাস্থ চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, দূতাবাসের রাজনৈতিক বিভাগের পরিচালক ঝাং জিং এবং রাজনৈতিক বিভাগে সংযুক্ত কর্মকর্তা লিউ হংরু।
চীন ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক, পারস্পরিক সহযোগিতা এবং ভবিষ্যত রাজনৈতিক যোগাযোগ জোরদার করাসহ গুরুত্বপূর্ণ বিষয়গুলো এ বৈঠকে আলোচনায় উঠে আসে।
