গুরুতর অসদাচরণে অভিযুক্ত বিচারপতি খিজির হায়াত অপসারিত

নিউজ ডেস্ক :

বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি খিজির হায়াতকে গুরুতর অসদাচরণের প্রমাণ পাওয়ায় অপসারণ করা হয়েছে। বুধবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, সংবিধানের ৯৬ অনুচ্ছেদের দফা (৬) মোতাবেক রাষ্ট্রপতি বিচারপতি খিজির হায়াতকে ১৮ মার্চ বিচারক পদ থেকে অপসারণ করেছেন।

১৯৬৭ সালের ২৪ জানুয়ারি জন্ম নেওয়া খিজির হায়াত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে পড়াশোনা শেষ করে ১৯৯৭ সালে ঢাকা জেলা জজ কোর্টে এবং ২০০১ সালে হাইকোর্ট বিভাগের আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হন। পরে ২০১৮ সালের ৩১ মে তিনি হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পান এবং দুই বছর পর স্থায়ী হন।

এর আগে, বিচার বিভাগে দলীয়করণ ও দুর্নীতির অভিযোগ তুলে শিক্ষার্থীদের বিক্ষোভের পরিপ্রেক্ষিতে ২০ অক্টোবর হাইকোর্ট বিভাগের ১২ বিচারপতিকে বিচারকাজ থেকে বিরত রাখা হয়, যেখানে বিচারপতি খিজির হায়াতও অন্তর্ভুক্ত ছিলেন।