নিউজ ডেস্ক:
ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান বোমা হামলা ও গণহত্যার প্রতিবাদে ৭ এপ্রিল, সোমবার বিশ্বব্যাপী হরতালের ডাক দিয়েছে নিপীড়িত গাজাবাসী। গাজায় বন্ধ না হওয়া গণহত্যার বিরুদ্ধে একাত্মতা জানিয়ে তারা বিশ্বের সব দেশেই শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি ও বেসরকারি অফিস এবং আদালত একযোগে বন্ধ রাখার আহ্বান জানিয়েছে।
গাজাবাসীর এই আহ্বানে সাড়া দিয়ে বাংলাদেশের বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক আনু মোহাম্মদ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি প্রতিবাদী ছবি শেয়ার করেন। ছবিটিতে ইংরেজিতে লেখা রয়েছে, ‘No Work No School Until Genocide Stop’ অর্থাৎ ‘গণহত্যা বন্ধ না হওয়া পর্যন্ত কাজ ও স্কুল বন্ধ’। ক্যাপশনে তিনি লেখেন, “হ্যাঁ, সংহতি জানাই। আগামীকাল ৭ এপ্রিল ইসরায়েলি দখলদারিত্ব এবং গণহত্যার বিরুদ্ধে বিশ্বব্যাপী ধর্মঘটে যোগ দিন।”
এদিকে গাজায় ইসরায়েলের বর্বর হামলা অব্যাহত রয়েছে। সর্বশেষ হামলায় দক্ষিণ গাজার খান ইউনিস এলাকায় এক সাংবাদিকসহ কয়েকজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। একই সঙ্গে গাজার উত্তরে গাজা সিটিতে ইসরায়েলি বাহিনীর হামলায় প্রাণ হারিয়েছে দুই শিশু। খান ইউনিসের একটি ভবনে চালানো বোমা হামলায় নিহত হয়েছে অন্তত আটজন ফিলিস্তিনি।
উল্লেখ্য যে, গত ১৮ মার্চ যুদ্ধবিরতি ভঙ্গের পর থেকে ইসরায়েলি বাহিনীর লাগাতার আক্রমণে প্রতিদিন গড়ে প্রায় ১০০ ফিলিস্তিনি শিশু হতাহতের শিকার হচ্ছে। এই চিত্র বিশ্বজুড়ে উদ্বেগ ও নিন্দার ঝড় তুলেছে।
মানবতার পক্ষে দাঁড়াতে এবং গাজাবাসীর পাশে থাকার বার্তা দিতেই এই বিশ্বব্যাপী ধর্মঘটের আয়োজন, যেখানে সাধারণ মানুষ থেকে শুরু করে বিশিষ্টজনরাও সক্রিয়ভাবে সংহতি প্রকাশ করছেন।
